সোমবার (৬ অক্টোবর) রাত ২টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক হৃদয়বিদারক ঘটনার সূত্রপাত ঘটে। স্থানীয় একটি হাসপাতালের পাশে হঠাৎই এক নারীর যন্ত্রণাকাতর চিৎকারে ছুটে যান আশপাশের মানুষ। কিছু বুঝে ওঠার আগেই ফুটপাথেই জন্ম নেয় একটি কন্যাশিশু।
স্থানীয়দের সহায়তায় মা ও নবজাতককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসা শুরুর আগেই ঘটে আরেকটি অপ্রত্যাশিত ঘটনা—হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান সদ্যপ্রসূতা মা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।
উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, “রাত ২টার দিকে হোয়াটসঅ্যাপে বিষয়টি জানতে পারি। স্থানীয়দের সহায়তায় মা ও শিশুকে হাসপাতালে নেওয়া হয়। পরে দেখা যায়, মা পালিয়ে গেছেন।”
তিনি আরও বলেন, “নবজাতক বর্তমানে সুস্থ আছে। সকাল থেকেই অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন।”
নবজাতকের ভবিষ্যৎ নিয়ে প্রশাসন ইতিমধ্যে সক্রিয় হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, “বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে একজন দায়িত্বশীল ও স্নেহশীল অভিভাবকের হাতে শিশুটিকে তুলে দেওয়া হবে।”
বর্তমানে নবজাতকটি উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।



মন্তব্য করুন