মুন্সিগঞ্জ, ১০ নভেম্বর — আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৭টার দিকে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর (২৬) নামে এক যুবক নিহত হন।
নিহত আরিফ চরডুমুরিয়া এলাকার বাসিন্দা খবির মীরের ছেলে এবং স্থানীয় বিএনপির আওলাদ হোসেন গ্রুপের সক্রিয় কর্মী ছিলেন। সংঘর্ষে আরও একজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান মল্লিক এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেনের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময় হয়।
আহত অবস্থায় আরিফকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, “সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

মন্তব্য করুন