হেনলি পাসপোর্ট সূচক ২০২৬-এ ভারতের পাসপোর্টের অবস্থানের উন্নতি হলেও কমেছে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ। নতুন র্যাঙ্কিং অনুযায়ী, ভারতের অবস্থান ৮৫তম থেকে ৮০তম স্থানে উঠে এসেছে। তবে সূচকে এই অগ্রগতির মধ্যেও ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা প্রত্যাহার করে নিয়েছে ইরান ও বলিভিয়া।
২০২৫ সালে ভারতীয় পাসপোর্টধারীরা বিশ্বের ৫৭টি দেশে ভিসা ছাড়া বা সহজ শর্তে যাতায়াত করতে পারতেন, যা ২০২৬ সালে ৫৫টিতে নেমে এসেছে। এর প্রধান কারণ দুই দেশের পরিবর্তিত প্রবেশনীতি। নিরাপত্তাজনিত উদ্বেগ ও নীতিগত পরিবর্তনের কারণে ইরান ও বলিভিয়া ভারতীয়দের জন্য ‘ভিসা-অন-অ্যারাইভাল’ ও ‘ভিসা-মুক্ত’ সুবিধা বন্ধ করে দিয়েছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানে ভিসা-মুক্ত প্রবেশ ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু নাগরিককে প্রতারণার মাধ্যমে দেশটিতে নিয়ে মুক্তিপণের জন্য অপহরণ করা হচ্ছিল। এমন নিরাপত্তাহীনতার কারণে গত বছরের ২২ নভেম্বর থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা-মুক্ত সুবিধা স্থগিত করেছে ইরান। এখন দেশটিতে যেতে হলে ভ্রমণ বা ট্রানজিট—উভয় ক্ষেত্রেই আগেভাগে ভিসা সংগ্রহ করতে হবে।
অন্যদিকে, বলিভিয়া তাদের নীতি পরিবর্তন করে ভারতীয়দের জন্য ‘ই-ভিসা’ পদ্ধতি চালু করেছে। আগে সেখানে বিমানবন্দরে পৌঁছেই ‘ভিসা অন অ্যারাইভাল’ পাওয়া যেত। হেনলি পাসপোর্ট সূচকের নিয়ম অনুযায়ী, ই-ভিসাকে ‘ভিসা প্রয়োজন’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়, যার ফলে ভারতের স্কোর কমেছে।
ভিসামুক্ত যাতায়াতের সুবিধা সাধারণত দ্বিপাক্ষিক চুক্তি বা পর্যটন প্রসারের জন্য দেওয়া হয়। তবে সাম্প্রতিক এই পরিবর্তনের ফলে ভারতীয় নাগরিকদের এখন বলিভিয়া ও ইরানে যাওয়ার ক্ষেত্রে আগের তুলনায় বাড়তি প্রশাসনিক ধাপ ও প্রস্তুতি সম্পন্ন করতে হবে।



মন্তব্য করুন