শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলা ও জাজিরা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে ঢাকা থেকে আগত বিভিন্ন বিভাগের শতাধিক চিকিৎসক প্রায় পাঁচ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলামসহ দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন জনবান্ধব রাষ্ট্রনায়ক। তাঁর আদর্শ অনুসরণ করে বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ফ্রি মেডিকেল ক্যাম্প তারই প্রতিফলন।

ক্যাম্পে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সাধারণ মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।