ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনে শেষ পর্যন্ত ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী তাদের আবেদন প্রত্যাহার করে নেওয়ায় এই তালিকা চূড়ান্ত হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তহসিনা বেগম স্বাক্ষরিত চূড়ান্ত তালিকা থেকে জানা যায়, জেলায় মোট ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে শরীয়তপুর-১ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মোশারফ হোসেন এবং শরীয়তপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ফারহানা কাদের রহমান।
আসনভিত্তিক প্রার্থীদের চিত্র:
শরীয়তপুর-১ (পালং-জাজিরা): এই আসনে এখন প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৮ জন। তারা হলেন— সাঈদ আহমেদ আসলাম (বিএনপি), জালালুদ্দিন আহমেদ (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. তোফায়েল আহমেদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ফিরোজ আহমেদ (গণঅধিকার পরিষদ), মো. আব্দুর রহমান (জাতীয় নাগরিক পার্টি), নুরু মোহাম্মদ মিয়া (বাংলাদেশ সুপ্রিম পার্টি) ও নুরুল ইসলাম (নাগরিক ঐক্য)। এছাড়া স্বতন্ত্র হিসেবে আছেন সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদ গোলাম মোস্তফা ও মো. কাইউম।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর): ৯ জন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন সফিকুর রহমান কিরণ (বিএনপি), অধ্যাপক ডা. মাহমুদ হাসান বকাউল (জামায়াতে ইসলামী), ইমরান হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আখতারুজ্জামান সম্রাট (গণঅধিকার পরিষদ), জসিম উদ্দিন (জাতীয় পার্টি), পারভেজ মোশারফ (জনতার দল) ও মাহমুদুল হাছান (বাংলাদেশ খেলাফত আন্দোলন)। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন মো. আলমগীর হোসেন ও মো. নাসির।
শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট): এই আসনে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ৪ জনই বহাল আছেন। তারা হলেন— মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (বিএনপি), মোহাম্মদ আজহারুল ইসলাম (জামায়াতে ইসলামী), হানিফ মিয়া (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও মো. আব্দুল হান্নান (জাতীয় পার্টি)।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন তারা।



মন্তব্য করুন