আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ২১ জন প্রার্থীর হাতে তাঁদের দলীয় ও স্বতন্ত্র প্রতীক তুলে দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাহসিনা বেগম। এর মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে জেলাজুড়ে শুরু হচ্ছে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা।
প্রতীক বরাদ্দের তালিকায় জেলার তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা ‘ধানের শীষ’ পেয়েছেন। শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ধানের শীষ নিয়ে লড়ছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। তাঁর বিপরীতে রিকশা প্রতীকে খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মো. তোফায়েল আহমেদসহ সাতজন মাঠে রয়েছেন।
ভিআইপি আসন হিসেবে পরিচিত শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের ছেলে তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এ আসনে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জামায়াতে ইসলামীর মো. আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আব্দুল হান্নান (লাঙল) এবং ইসলামী আন্দোলনের হানিফ মিয়া (হাতপাখা)।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন। এই আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে জামায়াতের মাহমুদ হোসেন (দাঁড়িপাল্লা) ও গণঅধিকার পরিষদের আখতারুজ্জামান সম্রাট (ট্রাক) অন্যতম।
জেলা রিটার্নিং কর্মকর্তা তাহসিনা বেগম জানান, জেলায় মোট ১০টি রাজনৈতিক দলের ১৭ জন এবং চারজন স্বতন্ত্র প্রার্থী লড়াই করছেন। বরাদ্দ পরবর্তী নির্দেশনায় প্রার্থীদের কঠোরভাবে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। কোনো ধরনের শোডাউন বা আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।



মন্তব্য করুন