নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিসিবি ভবনে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সরকারের এই অবস্থানের কথা পুনব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি ভেন্যু পরিবর্তনের দাবি না মানলে বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
বৈঠক শেষে আসিফ নজরুল গণমাধ্যমকে বলেন, ‘ভারতে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে যে ঝুঁকি তৈরি হয়েছে, তার কোনো পরিবর্তন হয়নি। এটি কোনো বায়বীয় আশঙ্কা নয়, বরং বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নেওয়া সিদ্ধান্ত। আমরা আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিলাম, কিন্তু তারা সুবিচার করেনি। আমরা এখনো চাইছি আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক।’
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির ভূমিকার সমালোচনা করে বলেন, ‘মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার মধ্য দিয়ে আমাদের নিরাপত্তা উদ্বেগ প্রমাণিত হয়েছে। মুস্তাফিজের চোট ছিল না, বিসিবিও এনওসি বাতিল করেনি; তাকে নিরাপত্তাজনিত কারণেই সরিয়ে দেওয়া হয়েছিল। বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় বাজার বাংলাদেশকে এভাবে উপেক্ষা করা দুঃখজনক। আমরা আবারও আইসিসির কাছে শ্রীলঙ্কায় খেলার আবেদন জানাব।’
বৈঠকে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানসহ বিশ্বকাপ স্কোয়াডের নয়জন ক্রিকেটার উপস্থিত ছিলেন। সরকারের এমন কঠোর অবস্থানের ফলে লঙ্কার মাটিতে খেলা আয়োজনের দাবি পূরণ না হলে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লাল-সবুজ জার্সি দেখা যাবে কি না, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে।



মন্তব্য করুন