প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৫ জন পূর্ণ মন্ত্রী এবং ৫ জন প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন।
মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান। এই তালিকায় আরও রয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অন্যদিকে, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন এবং রেহানা আসিফ আসাদ।
নবগঠিত সরকারের নীতি নির্ধারণ ও কৌশলগত বিষয়ে প্রধানমন্ত্রীকে সরাসরি সহায়তা করবেন এই ১০ উপদেষ্টা। আজ বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের পর রাতেই এই প্রজ্ঞাপন জারি করা হলো। রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের এই উপদেষ্টা প্যানেলে অন্তর্ভুক্ত করার বিষয়টি প্রশাসনের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন