সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশ ও ভারতের মধ্যকার বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই অবস্থান পরিষ্কার করেন।
ঢাকার গুলশানে দলীয় কার্যালয়ে দেওয়া ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একটি নির্দিষ্ট ইস্যুতে বন্দি থাকতে পারে না। তিনি জানান, নতুন সরকার ভারতের সঙ্গে উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার করবে এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে কাজ করবে।
শেখ হাসিনার হস্তান্তরের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, “হাসিনা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে জনগণের জোরালো দাবি রয়েছে। আমরা মনে করি ভারতের উচিত তাকে হস্তান্তর করা। তবে এটি না ঘটলেও বাণিজ্য ও ব্যবসার মতো বিস্তৃত সম্পর্ক থমকে যাবে না।”
ভারত-বাংলাদেশ সম্পর্কের অমীমাংসিত ইস্যুগুলো নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, গঙ্গার পানিচুক্তি নবায়ন ও সীমান্ত হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আলোচনা প্রয়োজন। তবে যুদ্ধের পথ পরিহার করে আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজতে হবে। যারা ভারতের সঙ্গে যুদ্ধের কথা বলে, তাদের বক্তব্যকে ‘উন্মাদনা’ হিসেবে আখ্যা দেন তিনি।
জাতীয় রাজনীতি প্রসঙ্গে মির্জা ফখরুল উল্লেখ করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার জাতীয় পুনর্মিলন ঘটাতে পুরোপুরি সফল হয়নি। সুস্থ গণতান্ত্রিক পরিবেশের জন্য প্রতিশোধ ও সহিংসতা পরিহার করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

মন্তব্য করুন