অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাত ১২টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
পরবর্তীতে রাত ১২টা ১২ মিনিটে প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলী এবং দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার, বিচারবিভাগ ও তিন বাহিনীর প্রধানগণ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই শহীদ মিনার প্রাঙ্গণ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য করুন