শরীয়তপুরে মাদক নির্মূলে অভিনব ঘোষণা দিয়েছেন নড়িয়া-সখিপুর (শরীয়তপুর-২) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। কোনো মাদক ব্যবসায়ীকে প্রমাণসহ ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে এক লাখ টাকা এবং মাদকসেবীকে ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। সংসদ সদস্যের এমন ঘোষণা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সভায় শফিকুর রহমান কিরণ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাদকবিরোধী এই অবস্থানকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে, এই ঘোষণার সঠিক বাস্তবায়ন হলে সমাজ থেকে মাদক ও অপরাধ অনেকাংশে কমে আসবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটবে। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।