রাজধানীর আদাবরে চাঁদা না পেয়ে ‘আবির ফ্যাশন’ নামের একটি এমব্রয়ডারি কারখানায় নারকীয় হামলা চালিয়েছে স্থানীয় একটি কিশোর গ্যাং। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ঘটা এই হামলায় কারখানার মালিকসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় ‘কালা রাসেল’ হিসেবে পরিচিত এক যুবকের নেতৃত্বে এই সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল। কারখানায় শ্রমিকদের বেতনের সময় হলেই রাসেল বাহিনী সক্রিয় হয়ে ওঠে। শনিবার রাতে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ধারালো অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায়।
এই ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে আদাবর থানার সামনে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বিভিন্ন কারখানার মালিক ও শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ভুক্তভোগী মালিকের মামলার প্রেক্ষিতে দ্রুত অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রাসেল ওরফে কালা রাসেলকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।
ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের দমনে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। সামনে ঈদকে কেন্দ্র করে এই নজরদারি আরও বাড়ানো হবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন