নজিরবিহীন এক দৃষ্টান্ত স্থাপন করে সরকারি বেতন-ভাতা ও গাড়ি ব্যবহার না করার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, “মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালীন আমি কোনো সরকারি বেতন-ভাতা গ্রহণ করব না। বর্তমানেও আমি ব্যক্তিগত গাড়ি ও নিজস্ব খরচে কেনা জ্বালানি ব্যবহার করছি। যত দিন দায়িত্বে থাকব, সরকারি গাড়ি কিংবা তেলের সুবিধা নেব না।” জনগণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং ব্যয় সংকোচনের মাধ্যমে স্বচ্ছতার উদাহরণ তৈরি করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান।

কৃষি খাতের উন্নয়ন নিয়ে মন্ত্রী বলেন, “আমি নিজে একজন কৃষক, তাই ধান ফলানোর কষ্ট ও পদ্ধতি আমার জানা। আমরা সারা দেশে কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।” এ সময় তিনি কুমিল্লায় ড. আখতার হামিদ খান প্রবর্তিত ‘কুমিল্লা মডেল’-এর গুরুত্ব তুলে ধরেন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন ব্যয় কমানোর প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।