বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একটি সংক্ষিপ্ত ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া দুই বাক্যের ওই স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’

পোস্টটি দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এতে দেড় লক্ষাধিক রিয়েকশন পড়ে এবং হাজার হাজার ব্যবহারকারী এটি শেয়ার ও মন্তব্য করেন। মূলত অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে সরকারের এক মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষাপটে জামায়াত আমিরের এই পোস্টটি বিশেষ রাজনৈতিক তাৎপর্য বহন করছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে যান ডা. শফিকুর রহমান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, বিরোধীদলীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবেই তিনি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করে সংসদে প্রধান বিরোধী দলের মর্যাদা লাভ করেছে। বর্তমানে মিন্টু রোডের সরকারি বাসভবনে (লাল বাড়ি) তার ওঠার প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।