আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে এই অধিবেশন শুরু হতে পারে বলে সরকারি ও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজকালের মধ্যেই এই অধিবেশন আহ্বান করতে পারেন। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের পর ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে ১৪ মার্চের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে হবে।
অধিবেশনের প্রস্তুতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সংবিধান ও রেওয়াজ অনুযায়ী মার্চের দ্বিতীয় সপ্তাহে অধিবেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রথম দিনের সভাপতিত্ব কে করবেন তা নিয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে কোনো জ্যেষ্ঠ সংসদ সদস্য বা নিয়ম অনুযায়ী অন্য কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম অধিবেশনের শুরুতেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। জুলাই সনদ অনুযায়ী এবার ডেপুটি স্পিকার পদটি বিরোধী দল থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ভাষণ দেবেন এবং পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা।
বিরোধী দল জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তারা সংসদে একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবেন। জনগণের স্বার্থ সংরক্ষণই হবে তাঁদের মূল লক্ষ্য। অন্যদিকে, সংসদকে প্রাণবন্ত করতে সরকারি ও বিরোধী দলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মন্তব্য করুন