বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বাণিজ্য ও শিল্প খাতের মাধ্যমে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট সার্কিট হাউসে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে সিলেট অঞ্চলের সঙ্গে ভারতের বাণিজ্য সম্প্রসারণ ও শিল্প উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে সিলেট সীমান্তের স্থলবন্দরগুলোর মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধি, বিদ্যমান ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূরীকরণ এবং দ্রুত পণ্য খালাস প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, ভারতের সঙ্গে এই বাণিজ্যিক আলোচনা সিলেটের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
একই দিন বিকেলে সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন