ধসে পড়া আলোচিত রানা প্লাজা-এর মালিক ও যুবলীগ নেতা সোহেল রানা প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাযায় অংশ নিয়ে উপস্থিত সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) কাশিমপুর কারাগার থেকে প্রায় এক যুগ পর কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে সন্ধ্যায় সাভার পৌর এলাকার একটি মাদরাসা মসজিদে তিনি তার মায়ের জানাযায় অংশ নেন। এ সময় সাভার মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানাযায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সোহেল রানা বলেন, “আমার মা’র জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন।” তার এই বক্তব্যে উপস্থিতদের মধ্যে এক ধরনের আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, রানার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, মরহুমা মর্জিনা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হলে সন্ধ্যা ৬টার দিকে পুলিশি নিরাপত্তায় সোহেল রানাকে সাভারে আনা হয়।
জানাযা শেষে প্রায় সাড়ে ৭টার দিকে তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যরা জানান, নিরাপত্তাজনিত কারণে তার জানাযায় অংশগ্রহণের বিষয়টি ছিল বেশ গোপনীয়।