অমর একুশে বইমেলার উদ্বোধন এবং ২০২৬ সালের একুশে পদক প্রদানের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী তারেক রহমান এই দুটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
কর্মসূচি অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘একুশে পদক ২০২৬’ তুলে দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হয়ে ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালে একুশে পদকের জন্য মনোনীতরা হলেন— ফরিদা আক্তার ববিতা (চলচ্চিত্র), আইয়ুব বাচ্চু (সংগীত-মরণোত্তর), ব্যান্ড দল ‘ওয়ারফেজ’ (সংগীত), শফিক রেহমান (সাংবাদিকতা), মেরিনা তাবাসসুম (স্থাপত্য), অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সাত্তার (চারুকলা), ইসলাম উদ্দিন পালাকার (লোকসংস্কৃতি), অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার (শিক্ষা), তেজস হালদার জশ (ভাস্কর্য) এবং অথৈ আহমেদ (নৃত্যকলা)।
উল্লেখ্য, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলোর জন্য স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার ঘোষণা দিয়েছে সরকার। নির্বাচনের কারণে বইমেলা কিছুটা বিলম্বে শুরু হলেও প্রকাশকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

মন্তব্য করুন