বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করার পর নিজের পুরোনো কর্মস্থল ‘ইউনূস সেন্টারে’ ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত দপ্তরে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মী ও কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
১৮ মাস আগে দেশের এক ক্রান্তিকালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর শেষে আজ তিনি পুনরায় নিজ প্রতিষ্ঠানে সক্রিয় হলেন।
ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, দপ্তরে ফেরার পরপরই ড. ইউনূস গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনূস সেন্টারের উপদেষ্টাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি সামাজিক ব্যবসার দর্শন ও তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে তাঁর আলোচিত ‘থ্রি জিরো’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণ) উদ্যোগ নিয়ে তিনি পুনরায় কাজ শুরু করবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ নাগাদ তিনি সরকারি বাসভবন ‘যমুনা’ ছেড়ে ঢাকার গুলশানে তাঁর নিজ বাসভবনে ফিরে যাবেন।

মন্তব্য করুন