শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাছ চুরির অপবাদ দিয়ে এক দিনমজুরকে নির্মম নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি শাহীন মাদবর (৪২)কে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৮ ও র্যাব-১০ এর যৌথ আভিযানিক দল।
র্যাব ও মামলা সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার ইকরি এলাকার বাসিন্দা মাকছুদা বেগম (৫৫) তার ছোট ভাই সেলিম পাইক (৩২)–এর ওপর হামলার ঘটনায় ডামুড্যা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে সেলিম পাইক খালার বাড়ি মনুয়া যাওয়ার পথে কনেশ্বর ইউনিয়নের ইকরিস্থ গাউসিয়া মাছের প্রজেক্টের পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় শাহীন মাদবরসহ আরও কয়েকজন তার পথরোধ করে মাছ চুরির অপবাদ দেন। একপর্যায়ে তারা তাকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতাল, শেরে-বাংলা নগরে পাঠানো হয়। চিকিৎসকদের তথ্যমতে, তার মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে এবং দুই পায়ে গুরুতর হাড়ভাঙা জখম রয়েছে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন।
এ ঘটনায় ডামুড্যা থানায় হত্যা চেষ্টা মামলা রুজু করা হয়। ঘটনাটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে র্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর) ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৮ ও র্যাব-১০ এর একটি যৌথ দল ২২ ফেব্রুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার লালবাগ থানাধীন পলাশীর মোড় এলাকা থেকে মামলার মূল আসামি শাহীন মাদবরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শরীয়তপুরের ডামুড্যা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।

মন্তব্য করুন