পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শরীয়তপুরে যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে নড়িয়া উপজেলার গোলার বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মূল্য তালিকা না টানানো, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৭টি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, “রমজানকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা করতে না পারে, সেজন্য আমাদের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

শরীয়তপুরের নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য বলেন, “খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত বা সংরক্ষণ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের অভিযান চলমান থাকবে।”

অভিযানকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। রমজানজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।