চট্টগ্রাম: চট্টগ্রাম-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের হাসপাতাল পরিদর্শনে আসার খবরে আনোয়ারায় এক নজিরবিহীন ঘটনার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এমপি আসার আগে হাসপাতালের নিয়মিত রোগীদের বেড থেকে সরিয়ে দিয়ে ২৩ জন দলীয় নেতাকর্মী ‘রোগী’ সেজে সিট দখল করেন। পরিদর্শন শেষে এমপি চলে যাওয়ার পরপরই ওইসব ‘সাজা রোগী’ও দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে হাসপাতালে গিয়ে ভুক্তভোগী রোগীদের সঙ্গে কথা বলে এই লঙ্কাকাণ্ডের সত্যতা পাওয়া যায়।
হাসপাতালে চিকিৎসাধীন ৬৫ বছর বয়সী বৃদ্ধ আলমগীর জানান, তিনি এক সপ্তাহ ধরে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ছিলেন। সোমবার বেলা ১১টার দিকে ৩০-৪০ জন লোক এসে জোরপূর্বক রোগীদের বের করে দিয়ে নিজেরা বেডে শুয়ে পড়েন। অসুস্থ রোগীরা দুপুর ২টা পর্যন্ত বাইরে অবস্থান করতে বাধ্য হন। আরেক রোগী মোহাম্মদ হোসেন অভিযোগ করেন, “আমাদের বলা হলো ভিআইপি রোগী আসবে, তাই সিট ছাড়তে হবে। এরপর তারা আমাদের সিটে শুয়ে পড়ে। পরে এমপি সাহেব এসে তাদের দেখে যান এবং এমপির ছেলে তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে দিয়ে চলে যান।”
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে ‘নির্বাচনকালীন আহত’ পরিচয় দিয়ে ২৩ জন ব্যক্তি জরুরি বিভাগে ভর্তি হন। তাদের মধ্যে বারশত দুধকুমড়া গ্রামের আলী হোসেন, মঈন উদ্দিন, নাছির খান এবং পরৈকোড়া ইউনিয়নের নেজাম উদ্দিন ও উত্তম তালুকদারের নাম পাওয়া গেছে। তারা সবাই বিকেলেই হাসপাতাল থেকে রিলিজ নিয়ে চলে যান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দীন চৌধুরী বলেন, “নির্বাচনকালীন সময়ে আহত ২৩ জন সোমবার সকালে ভর্তি হয়েছিলেন। এমপি সাহেব তাদের দেখতে এসেছিলেন। তবে তারা বিকেলেই চলে গেছেন।” উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম জয়ী হওয়ার পর প্রথমবারের মতো এলাকায় এসে আহত নেতাকর্মীদের দেখতে এই পরিদর্শনে যান।

মন্তব্য করুন