শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশ্যে এক প্রধান শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে ডান হাত ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন উপসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন রতন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বিদ্যালয়-সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে পূর্বের বিরোধের জেরে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে তাকে বেদম মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয় এবং তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অন্যত্র স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

চিকিৎসক ডা. মফিজুর রহমান (স্বপন) জানান, আহত প্রধান শিক্ষকের ডান হাতে ফ্র্যাকচার ধরা পড়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আহত প্রধান শিক্ষক নুরুল আমীন রতন অভিযোগ করে বলেন, যুবদলের নেতা মিজান প্রথমে তার ওপর হামলা চালান এবং পরে দলবল নিয়ে এসে তাকে মারধর করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।