বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে তিনি জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি জরুরি বৈঠকে অংশ নিতে এই সফর করছেন তিনি। আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় সংস্থাটির মন্ত্রী পর্যায়ের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এবারের বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনসহ ফিলিস্তিনের সাম্প্রতিক সংকটময় পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। জরুরি এই অধিবেশনে যোগদানের পাশাপাশি ওআইসিভুক্ত কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। এতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা আছে।
সফর শেষে আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্য করুন