বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নতুন নয়টি সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দুপুর ১২টার আগে সব ধরনের দর্শনার্থীর সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে দর্শনার্থী পাসের সংখ্যা নির্ধারণ, ভবনভিত্তিক প্রবেশ নিয়ন্ত্রণ এবং রাতে অবস্থানের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

গত ৪ অক্টোবর সচিবালয়ের নিরাপত্তা জোরদারসংক্রান্ত উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) উপস্থিত ছিলেন। সম্প্রতি সভার অনুমোদিত কার্যবিবরণী থেকে নতুন নির্দেশনার বিস্তারিত জানা গেছে।

নতুন নিয়ম অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীরা প্রতিদিন সর্বোচ্চ ১০টি দর্শনার্থী পাস ইস্যু করতে পারবেন। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, সিনিয়র সচিব ও সচিবরা সর্বোচ্চ পাঁচটি, অতিরিক্ত সচিবরা তিনটি এবং যুগ্মসচিবরা সর্বোচ্চ দুটি করে পাস দিতে পারবেন।

তবে পাস ইস্যু করা হলেও দুপুর ১২টার আগে কোনো দর্শনার্থী সচিবালয় চত্বরে প্রবেশ করতে পারবেন না। সচিবালয়ে আসা দর্শনার্থীদের কার্যক্রম ও গতিবিধি নজরদারিতে রাখতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

বিদেশি দর্শনার্থীদের জন্য পৃথক ও বিশেষ নিবন্ধন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। তাদের পূর্ণাঙ্গ পরিচয়, সচিবালয়ে আসার সুনির্দিষ্ট কারণ, সংশ্লিষ্ট কর্মকর্তা বা দপ্তরের তথ্য এবং প্রবেশ ও বের হওয়ার সময় নথিভুক্ত করে স্থায়ীভাবে সংরক্ষণ করতে হবে।

সংসদ সদস্যদের সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। ব্যক্তিগত গাড়িতে প্রবেশের সময় তারা শুধু ব্যক্তিগত কর্মকর্তা ও চালককে সঙ্গে নিতে পারবেন। তবে প্রবেশের আগে সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করা হবে।

সচিবালয়ের ১ নম্বর ভবনসহ প্রতিটি ভবনে আলাদা স্বয়ংক্রিয় ‘অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম’ স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে। এর মাধ্যমে অনুমোদিত কর্মকর্তা-কর্মচারী ও নির্ধারিত ব্যক্তিরাই সংশ্লিষ্ট ভবনে প্রবেশের সুযোগ পাবেন।

কোনো কর্মকর্তা বা কর্মচারী অন্য দপ্তরে বদলি হলে বদলির আদেশ কার্যকর হওয়ার সাত দিনের মাথায় তার নামে থাকা স্থায়ী প্রবেশ পাস স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে।

যানবাহন ব্যবস্থাপনাতেও কড়াকড়ি আনা হচ্ছে। সচিবালয় প্রাঙ্গণে গাড়ি প্রবেশ, অবস্থান ও পার্কিংয়ের নিয়ম কঠোরভাবে তদারক করবে দায়িত্বরত পুলিশ। নিয়ম ভঙ্গ হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে বিশেষ পার্কিং স্টিকার চালু করা হবে। অনুমোদিত স্টিকার ছাড়া কোনো গাড়ি সচিবালয়ের ভেতরে প্রবেশ বা পার্কিং করতে পারবে না।

রাতের নিরাপত্তার ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অফিস সময়ের পর রাতে কোনো কর্মকর্তা, কর্মচারী বা অননুমোদিত ব্যক্তি সচিবালয় প্রাঙ্গণে অবস্থান করতে পারবেন না। জরুরি বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে রাতে অবস্থান করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের ভাষ্য, সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রবেশ ও যানবাহন ব্যবস্থাপনাকে আরও নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাবদ্ধ করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।