যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের ট্রাফিক এজেন্ট ইউনিয়নের (সিডব্লিউএ লোকাল-১২৮২) সাধারণ সম্পাদক সাঈদ ইসলামকে এক সদস্যের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির হওয়ার শর্তে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিউইয়র্ক প্রতিনিধির প্রতিবেদনে বলা হয়, গত রোববার ম্যানহাটনের নরম্যান থমাস হাইস্কুলের মিলনায়তনে ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা চলাকালে এ ঘটনা ঘটে। আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়া সদস্য খান শওকতের ওপর হামলার অভিযোগে সাঈদকে গ্রেপ্তার করা হয়।
শওকত ও ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের ভাষ্য অনুযায়ী, আগামী ২৪ নভেম্বরের নির্বাচন সামনে রেখে তিনি এবং ইউনিয়নের অন্য সদস্যরা সভাস্থলের বাইরে একটি দরখাস্তে স্বাক্ষর সংগ্রহ করছিলেন। এতে সংগঠনের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, তহবিল ব্যবস্থাপনায় স্বেচ্ছাচার এবং কয়েক লাখ ডলার আত্মসাতের অভিযোগের তথ্য প্রকাশের দাবি জানানো হয়। এ সময় শওকতের ওপর হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন।
সংগঠনের গত তিন বছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের দাবিও জানিয়ে আসছেন শওকতসহ কয়েকজন সদস্য। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে শওকতের প্রার্থিতা ঘোষণার পর তাঁদের সঙ্গে সাঈদের বিরোধ বেড়েছে বলে জানিয়েছেন কয়েকজন সদস্য।
ঘটনার পর সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মধ্যে হট্টগোল হয়। শওকতের অভিযোগ, তাঁকে সভায় প্রবেশ করতে না দেওয়ার বিষয়টি নিয়ে অন্য সদস্যরা প্রশ্ন তুললে সংগঠনের সভাপতি আলেক্সান্দার সাদিক বাংলাদেশিদের উদ্দেশে অশালীন বক্তব্য দেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সভাস্থলে উত্তেজনার মধ্যে হামলার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে সাঈদ ইসলামকে গ্রেপ্তার করে নিকটস্থ ১৪ নম্বর পুলিশ স্টেশনে নেওয়া হয়। আদালতে হাজির হওয়ার নির্দেশসংবলিত টিকিট দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনায় সংশ্লিষ্টতার কারণে সাঈদকে ৩০ দিনের জন্য সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন কয়েকজন সদস্য।
এ বিষয়ে বক্তব্য জানতে সাঈদ ইসলামকে ফোন ও বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
খান শওকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশিরা বিব্রত বোধ করছেন। সংগঠনের তহবিলের কথিত অনিয়মের তদন্ত ও বিচার চাওয়ার পর হামলার শিকার হওয়ার ঘটনাটি তাঁরা সহজভাবে নিচ্ছেন না বলেও জানান তিনি।
প্রায় ২ হাজার ১০০ সদস্যের এই শ্রমিক ইউনিয়নের এক-তৃতীয়াংশ বাংলাদেশি আমেরিকান। আগামী ২৪ নভেম্বর ডাকযোগে ভোট গ্রহণ শুরু হবে এবং ২২ ডিসেম্বর নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

মন্তব্য করুন