রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করার পক্ষে যতই যুক্তি দেওয়া হোক, কোনো অবস্থাতেই সেখানে হকার বসতে দেওয়া হবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম এ অবস্থান স্পষ্ট করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত দুই দফায় চালানো উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে গড়া অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং মালামাল জব্দ করা হয়। ফলে জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত পুরো সড়ক ও ফুটপাত দখলমুক্ত হয়।
প্রশাসক বলেন, অবৈধ দখল যতবারই হবে, নগরবাসীর স্বার্থে ততবারই অভিযান চালানো হবে। আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব পদক্ষেপ আগেই নেওয়া হয়েছে। এখন থেকে অবৈধভাবে বসলে মালামাল জব্দ, প্রয়োজনে আইনি ব্যবস্থা ও গ্রেফতার করা হবে।
নগরবাসীর চাওয়া ও দেশের সাধারণ মানুষের দাবি অনুযায়ী জনমত গড়ে তোলার আহ্বানও জানান তিনি। প্রশাসক বলেন, সারাদেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ডিএসসিসি নিতে পারবে না। জনগণের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে; বাকিদের নিজ নিজ জেলায় ফিরে যেতে হবে। ঢাকাকে বাঁচানো ছাড়া কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন