ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় এক নারীকে কুপ্রস্তাব দেওয়া, জোরপূর্বক শারীরিকভাবে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জাহানারা খাতুন (৪৫) ফুলবাড়ীয়া থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান গ্রামের কর্মকার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্বামী দুলাল মিয়া বিদেশি মুদ্রা লেনদেনসংক্রান্ত একটি মামলায় কারাগারে ছিলেন এবং প্রায় দেড় মাস পর জামিনে মুক্তি পান।
অভিযোগ অনুযায়ী, দুলাল মিয়াকে দ্রুত জামিনে মুক্ত করার আশ্বাস দিয়ে জাহানারা খাতুনের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন হযরত আলী মন্ডল। তিনি শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করেন এবং শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। এ সময় ভুক্তভোগী বাধা দেন ও নিজেকে রক্ষার চেষ্টা করেন। দীর্ঘদিন ধরে ওই নেতা তাকে বিভিন্নভাবে বিরক্ত করে আসছিলেন বলেও অভিযোগ করা হয়।
ভুক্তভোগীর পুত্রবধূ জানান, মিথ্যা প্রলোভন দেখিয়ে তার শাশুড়িকে জোরপূর্বক হেনস্তার চেষ্টা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিচার দাবি করেন তিনি। ভুক্তভোগীর মা খাদিজাও একই দাবি জানান।
এদিকে পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ এলাকার কয়েকজন বাসিন্দা অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযোগের সত্যতা তদন্ত করে দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযুক্তের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ জানান, এ বিষয়ে জেলা নেতাদের সঙ্গে কথা হয়েছে এবং সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফুলবাড়ীয়া থানার ওসি রাশিদুল হাসান জানান, রাতে থানায় নিয়মিত মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন