শনিবার (৪ অক্টোবর) ঢাকায় জাতীয় মহিলা পার্টির এক মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন আসলে “প্রহসন” হতে যাচ্ছে। তিনি দাবি করেন, নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জিএম কাদের বলেন, অতীতে শেখ হাসিনার সময়ে অন্তত রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা ছিল, কিন্তু বর্তমানে সরকারি ও আধা সরকারি দলের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা তৈরি করা হচ্ছে। তার অভিযোগ, একটি দল সরকারের সুবিধা ভোগ করছে, অন্যদিকে বিএনপিকেও আধা সরকারি দলের মতো আচরণ করা হচ্ছে। “এখনও ৫০ শতাংশের বেশি মানুষকে বাইরে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে,” মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকারি দল দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে, আর আধা সরকারি দল চাইছে দ্রুত নির্বাচন। “দেশের প্রশাসন, বিচার বিভাগ ও সংবিধান নিজেদের মতো করে সাজাতে চাইছে তারা,” অভিযোগ করেন কাদের।

জাতীয় পার্টির চেয়ারম্যান সতর্ক করে বলেন, “ক্ষমতার লোভ ভালো নয়। অতীতে আমরা দেখেছি এর পরিণতি কী হয়েছে। এখন আবার একই ভুলের পুনরাবৃত্তি ঘটছে।”

তিনি দাবি করেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে বিদেশি বিনিয়োগ ব্যাহত হবে এবং দেশ রাজনৈতিক অস্থিরতার দিকে ধাবিত হতে পারে। “একতরফা নির্বাচনে অংশ নেব কি নেব না, সেটি আমাদের ভেবে দেখতে হবে,” বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক হেনা খান পন্নী। উপস্থিত ছিলেন দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দীন আহমেদ মিলনসহ অন্যান্য নেতারা।

Facebook Comments Box