গাজীপুরের টঙ্গীতে প্রধান সড়কে প্রবেশে বাধা দেওয়ায় এক ট্রাফিক পুলিশ সদস্যের মাথায় আঘাত করেছেন এক অটোরিকশা চালক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য মো. সাঈদ (৬০) দায়িত্ব পালনকালে অটোরিকশাগুলোকে প্রধান সড়কে উঠতে নিষেধ করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চালক মুস্তাকিন (৩৫) নিষেধ না মানায় সাঈদ তার হাতে থাকা টেস্টার (স্ক্রু ড্রাইভার) দিয়ে অটোরিকশার চাকা ফুটো করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে চালক টেস্টারটি কেড়ে নিয়ে সাঈদের মাথায় আঘাত করেন, যার ফলে মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়।

ঘটনার পরপরই অন্যান্য পুলিশ সদস্যরা চালক মুস্তাকিনকে আটক করেন এবং আহত সাঈদকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, “ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

এর আগে রাজধানীর জাতীয় সংসদের সামনে ট্রাফিক পুলিশের ওপর অটোচালকের হামলার ঘটনা ঘটেছিল, যা ট্রাফিক ব্যবস্থাপনায় নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আবারও সামনে এনেছে।

Facebook Comments Box