চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির জনসভাস্থল থেকে ১৮টি মাইক ইউনিট ও পাঁচ কয়েল বৈদ্যুতিক তার চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে প্রস্তুতিমূলক কাজ চলাকালে বিষয়টি আয়োজকদের নজরে আসে। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন সাউন্ড সিস্টেম সরঞ্জামের মালিক।

আয়োজক সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে পলোগ্রাউন্ড এলাকায় পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কড়া নজরদারি ছিল। জননিরাপত্তায় সিএমপির পক্ষ থেকে ড্রোন নজরদারি ও যান চলাচল নিয়ন্ত্রণের মতো পদক্ষেপও নেওয়া হয়। এমন নিরাপত্তার মধ্যেই সমাবেশস্থলের বাইরের সড়কের বৈদ্যুতিক খুঁটি থেকে সরঞ্জামগুলো চুরির ঘটনা ঘটে।

অভিযোগকারী ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক জানান, জনসভা উপলক্ষে প্রায় ২০০টি মাইক স্থাপন করা হয়েছিল। শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টা পর্যন্ত লাইন পরীক্ষা করে তারা স্থান ত্যাগ করেন। ওই সময় পাহারায় কর্মী থাকলেও সকালে এসে দেখা যায়, সড়কের ১৫-১৬ ফুট উঁচুতে লাগানো ১৮টি মাইক ইউনিট ও তারের পাঁচটি কয়েল নেই। পরে দলীয় নেতাদের পরামর্শে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

চুরির বিষয়ে জানতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার হোসাইন কবির ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, তিনি প্রটোকল ডিউটিতে ব্যস্ত থাকায় মাইক চুরির আবেদনের বিষয়ে বিস্তারিত কিছু জানেন না।

Facebook Comments Box