শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বালিয়াকান্দি গ্রামে জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নাওডোবা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে এই অগ্নিকাণ্ড ঘটানো হয় বলে দাবি করেন ঘর মালিক হালান হাওলাদার। এ ব্যাপারে তিনি মামলা করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, নাওডুবা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা হালাল হাওলাদারের সাথে তারই আপন বড় বোন কমলি বেগম, ভাগিনা সিরাজ মাদবর, ফিরোজ মাদবর, ও রাসেল মাদবরের জায়গা জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।
হালান হাওলাদার অভিযোগ করে বলেন, আমাদের ওয়ারিশ সম্পত্তি ভাই বোন মিলে বাটোয়ারা ও এওয়াজ বদল করে ভোগ করে আসছি। সরকার তাতপল্লীর জন্য জমি অধিগ্রহণ করলে আমার বোন কমলী বেগম ও তার ছেলেরা আমার ভোগ দখলে থাকা এওয়াজ বদলের জমির টাকা তুলে নেয়। এরপর আমি তাদের দখলে থাকা আমার এওয়াজ বদলের জমি দখল নিতে গেলে তারা বাধা দেয়। তারা আমার জমি জোর জবরদস্তি করে ভোগ করতে চাইলে আমি আমার জায়গায় ঘর উত্তোলন করি। ঘর উত্তোলনের সময়ও তারা পুলিশ এনে ও বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে। কোনভাবেই ঘর উত্তোলন আটকাতে না পেরে তারা আমার ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গত ৩১ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নাওডোবা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে সুযোগ বুঝে তারা ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। আমি দূর থেকে ঘরের চাল দিয়ে ধোঁয়া উঠতে দেখে এগিয়ে যাই। গিয়ে দেখি আমার ঘরটি দাউদাউ করে জ্বলছে। আশপাশের লোকের সহযোগিতায় আমি আমার ঘরটি রক্ষা করার চেষ্টা করি। কিন্তু আমি আমার ঘরটি রক্ষা করতে পারিনি। আমার বোন ও তার ছেলেরা আমার ঘরটিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করবো। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে কমলি বেগম বলেন, আমি দীর্ঘদিন যাবৎ আমার পৈতৃক ওয়ারিশ সম্পত্তিতে ঘর তুলে বসবাস করে আসছে। আমার ভাই হালান হাওলাদার আমার ওয়ারিশ সম্পত্তি আমাকে না দিয়ে একাই ভোগ দখল করতে চায়। আমি আমার ওয়ারিশ সম্পত্তিতে বসবাস করছি এটা হালান হাওলাদার কিছুতেই মেনে নিতে পারছে না। সে আমাকে আমার ওয়ারিশ সম্পত্তি থেকে উৎখাত করতে চায়। সে বিভিন্নভাবে আমাকে ও আমার ছেলেদের হুমকি-ধমকি দিয়ে এখান থেকে চলে যেতে বলে। আমরা চলে না গেলে আমাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়। সে আমাদের ওপর দায় চাপানোর জন্য মিথ্যা নাটক সাজিয়েছে। সে নিজেই তার ঘর আগুন দিয়ে পুড়িয়ে আমাদের দোষারোপ করছে। আমার দুই ছেলে ঢাকা থাকে। যে ছেলে বাড়িতে থাকে সে ঘটনার দিন সকাল ছয়টায় বাড়ি থেকে বের হয়ে যায়। ভোট দেওয়ার জন্য আমিও ভোরে কেন্দ্রে চলে যাই। ঘটনার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে।
জাজিরা থানার ওসি মাহবুবুর রহমান এ বিষয়ে বলেন, আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন