পদ্মা সেতুর ভায়াডাক্টে রেলগার্ডার বসানোর কাজ শুরু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ভায়াডাক্টে রেলওয়ে গার্ডার বসানোর কাজ শুরু হয়।
পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুর ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত জে-২ এবং জে-৩ পিলারে একটি গার্ডার সফলভাবে স্থাপন করেছে দেশি-বিদেশি প্রকৌশলীরা। এই দুই পিলারের মাঝে বসবে আরো ৫টি আই (শুধু রেলের জন্য) গার্ডার।
জাজিরা প্রান্তে ভায়াডাক্টে ৭ টি পিলারে বসানো হবে ৩৮ মিটার দৈর্ঘ্য এবং ২ দশমিক ২০ মিটারের আইগার্ডার। এর উপরের অংশের প্রস্থ ০ দশমিক ৬০ মিটার এবং পাদদেশ এর প্রস্থ ০ দশমিক ৮০ মিটার। একটি পিলার থেকে আরেকটি পিলার পর্যন্ত ৬ টি গার্ডার বসানো হবে। এই গার্ডারের ওপর পাটাতন বসিয়ে রেললাইন বসানো হবে। জাজিরা প্রান্তে প্রায় ২৬৬ মিটার রেলওয়ে গার্ডার বসানো হবে।
জাজিরা প্রান্তে গার্ডার বসানো হবে ৪২ টি। গার্ডার বসানোর জন্য প্রস্তুত করা হয়েছে সব পিলার।
তিনি আরও জানান, পদ্মা সেতুতে আগামী ২৩ এপ্রিল বসতে যাচ্ছে আরো একটি স্প্যান। সেতুর জাজিরা প্রান্তের ৩৩ ও ৩৪ নম্বর পিলারের ওপর বসানো হবে ১৫০ মিটারের ওই স্প্যানটি।

Facebook Comments Box