শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় দাদন দেওয়ান (৩০) নামে এক দরিদ্র ভ্যান চালককে পিষে দিয়েছে এক ঠিকাদারের মাহিন্দ্রা ট্রাক। এ ঘটনায় ভ্যান চালক দাদন দেওয়ানের দুই পা ও এক হাত ভেঙ্গে গেছে এবং মাথা ফেটে গেছে।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে কোদালপুর মোড়ের বাজারে এই দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত দাদনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ্যানচালক দাদন উপজেলার কোদালপুর ইউনিয়নের সুবেদার বেপারীপাড়া গ্রামের সেলিম দেওয়ানের ছেলে। এ ঘটনায় চালকসহ মাহিন্দ্রা ট্রাক আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কোদালপুর ঠান্ডার মোড় বাজার থেকে দুইজন যাত্রী নিয়ে কোদালপুর বাজারের দিকে যাচ্ছিলেন ভ্যানচালক দাদন। বিপরীদ দিক থেকে ঠিকাদার জিয়া জমাদ্দারের মাহিন্দা ট্রাক চালিয়ে যাচ্ছিল রাব্বি (১৫) নামে এক কিশোর। ভ্যানটি মোড়ের বাজারে পৌঁছলে মাহিন্দ্রা ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে যাত্রী সহ গুরুতর আহত হন ভ্যানচালক দাদন। দাদনের দুটি পা পিষে থেতলে যায়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং এক হাত ভেঙ্গে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে মাহিন্দ্রা ট্রাক সহ চালক রাব্বিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, দাদনের অবস্থা গুরুতর। স্ত্রী জরিনা এক শিশু বাচ্চা নিয়ে স্বামীর পাশে অসহায় ভাবে বসে আছে।

জরিনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা নিতান্তই গরীব। আমাদের দেখার মতো কেউ নেই। এনজিও থেকে কিস্তির টাকা উঠিয়ে ভ্যান ও কোন রকম একটি ঘর নির্মাণ করে কোন মতে বেঁচে আছি। দিন আনি দিন খাই। একদিন ভ্যান চলাতে না পারলে ছেলে-পেলে নিয়ে না খেয়ে থাকতে হয়। তারপর চারটি কিস্তি চালাতে হয়। দূর্ঘটনায় আমার স্বামীর হাত-পা ভেঙ্গে গেছে। মাথা ফেটে গেছে। মাথায় চারটি সেলাই দেয়া হয়েছে। এখন আমাদের উপায় কি হবে? ছোট ছোট দুটি শিশু বাচ্চা নিয়ে কিভাবে বাঁচবো। আমাদের দেখার কেউ নেউ।

মাহিন্দা ট্রাক মালিক গোসাইরহাট উপজেলা সদরের ঠিকাদার জিয়া জমাদ্দার বলেন, আমরা আহত ভ্যান চালক দাদনের চিকিৎসার দায়িত্ব নিয়েছি। হাসপাতালে ভর্তি সহ ওষুধপত্র যেখানে যা লাগে আমরা ব্যবস্থা করছি। দাদনকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে।

এ বিষয়ে গোসাইরহাট থানার ওসি মোল্ল্যা শোয়েব আলী বলেন, গাড়িসহ চালককে আটক করা হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।