শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে তোফাজ্জল হাকিদার (২৭) ও ইকবাল বেপারি (২৬) নামে দুজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকেরা। বৃহস্পতিবার দুপুরে জাজিরা উপজেলার টিএনটি মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

তোফাজ্জল হাকিদার পৌরসভার ফকির মাহমুদ আকন কান্দি জেরাগ হাকিদারের ছেলে ও ইকবাল বেপারী একই এলাকার মাস্টার মালেক বেপারীর ছেলে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষ্যদর্শীরা দৈনিক রুদ্রবার্তাকে জানায়, আহত ইকবাল ও তোফাজ্জল একটি বাসে করে শরীয়তপুর থেকে তাদের বাড়িতে জাজিরা যাচ্ছিলো। এসময় আগে থেকে উৎ পেতে থাকা সিরাজ কবিরাজের লোকজন ইকবাল ও তোফাজ্জলকে টিএনটি এলাকায় বাস থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় উপস্থিত লোকজন তাদের উদ্ধারে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়ারা মামুন কবিরাজ (২৪) নামে একজনকে আটক করে পুলিশে দেয়। মামুন জাজিরা পৌরসভার দেলোয়ার কবিরাজের ছেলে।

এই ঘটনার পর পৌরসভার কবিরাজ কান্দি গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই গ্রুপের মারামারিতে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই গ্রুপ টেঁটা বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। পাশাপাশি শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো সহ বাড়িঘর ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান দৈনিক রুদ্রবার্তাকে বলেন, এ ঘঁনায় একজনকে আটক করা হয়েছে খবর নিশ্চিত করেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি নিজেও ঘটনাস্থলে থাকায় কথা বলা সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ দোষীদের ধরতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছেন।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে জাজিরা পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক আব্দুল হক কবিরাজ ও সিরাজ কবিরাজ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। এর আগেও হক কবিরাজ ও সিরাজ কবিরাজ সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।