শরীয়তপুরে জেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল ৯ টায় বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ আম্রকাননে কালোব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক পারভেজ হাসান সহ প্রশাসনের কর্মকর্তারা।

এছাড়া কর্মসূচির মধ্যে ছিলো রোববার ১৫ আগষ্ট সূর্যদয়ের সাথে সাথে সারকারী, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। সকাল সাড়ে ৮টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, অর্ধনমিতকরণ এবং মুক্তিযোদ্ধাদের কালোব্যাজ ধারণ। সকাল ৯.৪৫টায় আলোচনা সভা (ভার্চুয়াল)। সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিশু একাডেমি কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ। দিনব্যাপী সরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও কারাগারে উন্নত মানের খাবার পরিবেশন। সুবিধাজনক সময় সকল সরকারি/বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভার্চয়াল প্লাটফর্ম ব্যবহার করে কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ- নাত প্রতিযোগিতা। সুবিধাজনক সময় জেলা ইসলামিক ফাউণ্ডেশনে ভার্চয়াল প্লাটফর্ম ব্যবহার করে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা ও দোয়া মাহফিল এবং জেলার ৪৬টি মসজিদ/মাদ্রাসায় কোরআন খতম। বাদ জোহর ও সুবিধাজনক সময় জেলার সকল মসজিদ ও সকল মন্দির/উপাসনালয় দোয়া ও প্রার্থনা।