মানবেতর জীবনযাপন করছেন দুই পা হারানো শরীয়তপুর সদর উপজেলার পাটানিগাও গ্রামের বসুদেব মন্ডল। একটি হুইলচেয়ারের অভাবে দুই হাতে ভর করে অনেক কষ্টে চলতে হয় পথ।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের পাটানিগাও গ্রামের মৃত নিবারণ মন্ডলের ছেলে বসুদেব মন্ডলের প্রায় ৬ বছর আগে পায়ের আঙ্গুলে একটি ঘা হয়ে পচনধরে এর পরে চিকিৎসকের পরামর্শে একটি পা কেটে ফেলতে হয়। এর কিছুদিন পরে আরো একটি পা পচন ধরলে তাও কেটে ফেলতে হয়। আজ দীর্ঘদিন ধরে দুই পা হারানো বসুদেব মন্ডল তার স্ত্রী ও সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

বসুদেব মন্ডলের স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন, এক ছেলে মালোশিয়া থাকলেও খবর রাখেনা বাবা মায়ের। তাই স্ত্রী ও এক ছেলে নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন বসুদেব মন্ডল ।

দুই পা হারানো বসুদেব মন্ডল বলেন, আমার প্রায় ৬বছর আগে দুই পায়ে ঘা হয়ে পচে যায়। এর পরে চিকিৎসকের পরামর্শে দুই পা কেটে ফেলতে হয়েছে। আমি আগে বাঁশ দিয়ে ডোল, চাঙ্গাড়ি, সাজি বানিয়ে বিক্রি করতাম। এখন কোনো কাজ করতে পারিনা। আমি খুব অসহায়।