শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম খলিল শিকদারের বাড়িতে বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ আগষ্ট) দুপুরে মুলনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড রায়েরকান্দি গ্রামে এই বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে জাজিরা থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা বিষ্ফোরণের আলামত জব্দ ও প্রাথমিক ভাবে বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, খলিল শিকদারের পরিবারের সাথে প্রতিবেশী আজহার মোল্যাদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে।
খলিল শিকদারের স্ত্রী রুনা বেগম অভিযোগ করে বলেন, দুপুরের দিকে আমি রান্না করছিলাম। এমন সময় আজহার মোম্যার বাড়ির দিক থেকে কে বা কারা আমাদের বসতঘর লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। তখন বোমা বিষ্ফোরণের বিকট শব্দে আমি ও আমার ছোট মেয়ে ভয়ে আতকে উঠি। আমরা ভয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। আজহার মোল্যাদের সাথে আমাদের বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে তারা আমাদের বাড়িতে বোমা হামলা চালাতে পারে। আমরা এর বিচার চেয়ে থানায় মামলা দায়ের করবো। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে আজহার মোল্যা দৈনিক রুদ্রবার্তাকে বলেন, খলিল শিকদারের পরিবারের সাথে আমাদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে। তারা আমাদের পারিবারিক কবরস্থানের ভিতর দিয়ে দেয়াল নির্মাণ করেছে। আমরা বাধাঁ দিতে গেলে আমাদের সাথে মারামারি করতে আসে। খলিল শিকদারের ছেলেরা আমাদের মারার জন্য বাড়িতে বোমা এনে রাখে। সেই বোমা বিষ্ফোরণ ঘটেছে। তারা আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা মিথ্যা। আমরাও এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান দৈনিক রুদ্রবার্তাকে বলেন, বোমা বিষ্ফোরণের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করেছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।