পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুরের জাজিরার কুন্ডেরচর ইউনিয়নে গত পাঁচদিনে প্রায় ১৫০ মিটার এলাকা নদীতে ধসে পড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইউনিয়নের ছয়টি গ্রামের পদ্মা তীরবর্তী এলাকায় অন্তত ১০০টি বসত ঘর, ফসলি জমিসহ গাছপালা নদীতে বিলীন হয়ে গেছে।

সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন বেশি হয়। এতে ভাঙন কবলিত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত পরিবারগুলো তাদের ঘর অন্যত্র সড়িয়ে নিচ্ছে।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার শিল্পী দৈনিক রুদ্রবার্তাকে বলেন, বুধবার (২৫ আগস্ট) সকালে পদ্মানদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুন্ডেরচর ইউনিয়নের
বাবুর চর, ব্যাপারী কান্দি, খাঁ কান্দি, লুডু মাদবর কান্দি, আপতু ব্যাপারী কান্দি ও মৃধা কান্দি গ্রামের পদ্মা তীরবর্তী এলাকায় অন্তত ১০০টি বসত ঘর, ফসলি জমিসহ গাছপালা নদীতে বিলীন হয়ে গেছে। এতে এসব ভাঙন কবলিত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত পরিবারগুলো তাদের ঘর অন্যত্র সড়িয়ে নিচ্ছে।

লুডু মাদবর কান্দি গ্রামের আব্দুল মান্নান রাঢ়ী বলেন, কয়েকদিন ধরে আমাদের এখানে নদী ভাঙন শুরু হইছে। আমাদের আশেপাশের সব বাড়ি ঘর ভেঙে গেছে। আমাদের টাও নদীতে নিয়ে গেছে। এত দ্রুত ভাঙছে যে, ঘর সরাইয়া অন্য জায়গায় নেওয়ার সুযোগ পাইনা। এমনে ভাঙতে থাকলে আমাদের এলাকায় কোন বাড়ি ঘরই থাকবো না। আমরা এখন বাজারের পাশে একটা খালি জায়গায় নিয়ে ঘরগুলো রাখছি।

শহরবানু দৈনিক রুদ্রবার্তাকে বলেন, সারাটা জীবন গেল ভাঙতে ভাঙতেই। এই জীবনে কতবার যে বাড়ি ঘর ভাঙছে তার কোন হিসাব নাই। মেম্বার চেয়ারম্যানরা আসতো কিছু চাল ডাল দিয়া যাইতো ওই পর্যন্তই শেষ। আর কেউ কোনো খোঁজখবর নিত না। প্রতিবারই বর্ষা আইলে ভাঙে। ভাঙতে ভাঙতে ক্লান্ত হয়ে গেছি। আর কোন ত্রাণ বা সাহায্য সহযোগিতা চাই না। এখন চাই শুধু নদী ভাঙ্গন থেকে বাঁচতে। সরকারের কাছে আমাদের দাবি, আমাদের এইখানে যেন বেঁরিবাধ কইরা দেয়। তাইলে আমরা পয়- পোলাপান নিয়ে থাকতে পারুম।

১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার খাদিজা বেগম দৈনিক রুদ্রবার্তাকে বলেন, চার পাঁচ দিন যাবত আমাদের এলাকায় ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছে। চোখের পলকেই বাড়িঘর নদীতে নিয়ে যায়। কেউ সারাইতে পারে কেউ পারে না। এভাবে নদী ভাঙতে থাকলে আমাদের এই চর এলাকা থাকবে না। তাই সরকারের কাছে আমাদের দাবি, নদী ভাঙ্গনের হাত থেকে আমাদের রক্ষা করতে এখানে দ্রুত বেড়িবাঁধ দেয়া হোক।

এনজিও এসডিএস’র জোনাল ম্যানেজার মো. মনির হোসেন দৈনিক রুদ্রবার্তাকে বলেন, গত শুক্রবার থেকে কুন্ডেরচর এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়। শুরু থেকেই এসডিএস নদীভাঙ্গা মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো বাহন পাচ্ছিল না আমরা তাৎক্ষণিক তাদেরকে দুটি ট্রলারের ব্যবস্থা করে দিয়েছি। এছাড়া আমাদের কর্মকর্তা কর্মচারীরা তাদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব দৈনিক রুদ্রবার্তাকে বলেন, পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুন্ডেরচর এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। গত পাঁচদিনে ১৫০ মিটার এলাকা নদী গর্ভে চলে গেছে। আমরা এর আগে ওই এলাকায় জিওটিউব ফেলে ভাঙন রোধ করেছিলাম। বর্তমানে ভাঙন রোধে আমরা জিওব্যাগ ও জিওটিউব ফেলবো।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান ভূঁইয়া দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমরা শুনেছি কুন্ডেরচর ইউনিয়নের পদ্মার পারে কিছু এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যে আমি মেম্বার চেয়ারম্যানদের বলেছি তালিকা করে পাঠানোর জন্য। ক্ষতিগ্রস্ত পরিবারদের তালিকা পেলে আমরা তাদের ত্রাণ সহায়তাসহ অন্যান্য সহায়তা দেয়ার চেষ্টা করব। এছাড়া আমি নিজেও ভাঙ্গন কবলিত এলাকায় যাব এবং পরিদর্শন করে এসে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।