স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ পালন উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদান, ভিক্ষুক পুনর্বাসন এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত নদীভাঙ্গনের অনুদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার ২৫ আগষ্ট বেলা ১১টার দিকে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ চেক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।

জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ফয়জুল বারি-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়া জেলা প্রশাসক কার্যালয় ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ১১৭ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদান বাবদ ৫৮’লক্ষ ৫০’হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া ভিক্ষুক পুনর্বাসন এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত নদীভাঙ্গনের অনুদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে ৬৩’লক্ষ ৭৪’হাজার ৫০০টাকার চেক প্রদান করা হয়।

চেকপ্রদানকালে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, করোনাকালীন সময়ে একেবারে সর্বনিম্নস্তরের কর্মজীবী মানুষ থেকে শুরু করে সবাইকে আর্থিক অনুদানের আওতায় এনেছেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। অসীম সাহসীকতার অধিকারী না হলে, এটা সম্ভব হতো না। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সকলের নিকট দোয়া কামনা করেন এই জেলা প্রশাসক।