জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের নেতৃবৃন্দ। শুক্রবার ২৭ আগষ্ট বেলা ১২ টার সময় তারা বঙ্গবন্ধুর মাজারে পুষ্পার্ঘ্য অর্পন করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও দোয়া মোনাজাত করেন।

এর আগে সকালে সারা দেশ থেকে সংগঠনটির প্রায় দুই শতাধিক নেতাকর্মী বঙ্গবন্ধুর সমাধিস্থলে এসে জড়ো হন। জাতির পিতার সমাধিতে শদ্ধা নিবেদনের পূর্বে সেখানে তারা আলোচনা সভা করেন। সভায় সভাপতিত্ব করেন পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সরদার গোলাম মোস্তফা। তিনি সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আনোয়ার হোসেন খান আয়নাল, ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান হাওলাদার, প্রচার সম্পাদক এনামুল হক মন্ডল, সিরাজুল হক সরদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, বসির মাস্টার, আলমাছ খা, আবু সুফিয়ান, আবুল কালাম হাওলাদার, ইমদাদ হোসেন মানিক হাওলাদার প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, সহযোগী মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা না করলে ৯ মাসে দেশ স্বাধীন হতে পারতো না। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস বাংলার ঘরে ঘরে আগামী প্রজন্মের কাছে পৌছানো ও প্রচার করতে হলে এবং সঠিক ইতিহাস অক্ষুণ্ণ রাখতে হলে অবশ্যই সহযোগী মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। তাই আমরা সহযোগী মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দিতে বর্তমান সরকারের প্রতি দাবি জানাই।

সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা, ১৭ আগস্ট ৬৪ জেলায় একসাথে বোমা বিষ্ফোরণ ও ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় বোমা মেরে হত্যা চেষ্টা একই সূত্রে গাঁথা ও একই দলের নেতাদের নির্দেশেই ঘটনা ঘটানো হয়েছে। মনে হয় তারা চুপ করে বসে নেই। আবারও যে কোন সময়ে নতুন কোন ঘটনা ঘটানোর ষড়যন্ত্র করছে।

পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সরদার গোলাম মোস্তফা দৈনিক রুদ্রবার্তাকে বলেন, জাতীয় শোক দিবসে যারা শোক পালন না করে, জাতির পিতার প্রতি শ্রদ্ধা না জানিয়ে ভুয়া জন্মদিন পালন করে তারাই বঙ্গবন্ধুর খুনি এবং খুনের সাথে জড়িত। অবিলম্বে বঙ্গবন্ধুর খুনের হুকুম দাতা, ইন্ধনদাতা ও আশ্রয়দাতাদের খুজে বের করে এখনই বিচার করা না গেলে যে কোন সময় আবারও তারা ষড়যন্ত্র করে অঘটন ঘটাতে পারে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে অবৈধভাবে জিয়াউর রহমান ও খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা এবং তাদের প্রমাণিত হয়েছে করা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার সাথে জড়িত। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর ৫ খুনিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করে বঙ্গবন্ধুর আত্মাকে শান্তি দিতে বর্তমান সরকারের প্রতি দাবিও জানান তিনি।