সারা দেশের ন্যায় শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় নিত্যপণ্য পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে গত কয়েকদিন ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।সিন্ডিকেট করে কৃত্রিমভাবে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করায় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকার বেশি জরিমানা করেছে। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বিভিন্ন বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সুজন দাশ গুপ্ত জরিমানার বিষয়টি জানিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত বলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নিজাম উদ্দীন আহাম্মেদ নির্দেশে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পেঁয়াজ মজুদ করে যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন তার জন্য বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
এই বিষয়ে ডামুড্যা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, আমরা সকল অবৈধ মজুদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের বিক্রেতাদের আমি আহবান জানাই আপনারা বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনকে সহায়তা করুন।
ভ্রাম্যমাণ আদালতের থেকে জানা যায় ইতোমধ্যে ৫ জন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ডসহ কয়েকটি আড়তদারদের থেকে মুচলেকা নেয়া হয়েছে। ৩টি আড়ত তালা বদ্ধ করে দেয়া হয়েছে। এই সময় ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ন্যায্যমূল্যে সাধারণত মানুষকে পেঁয়াজ কিনতে দেখা যায়। এই ধরনের অভিযানকে সাধারণত ক্রেতারা স্বাগত জানিয়েছে।



মন্তব্য করুন