শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের চরমনপুরা এলাকার ৪ জুয়াড়িকে ১০ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোসাইরহাটের অতিরিক্ত দায়িত্বে থাকা ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ। গতকাল সোমবার ২৭ আগস্ট সকাল সাড়ে ১০ টায় চরমনপুরা গ্রামের একটি বাগানে বসে জুয়া খেলছিলেন জুয়াড়িরা।
গোসাইরহাট থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরমনপুরা এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় আবু হানিফ বেপারীর ছেলে মো. মিঠু (২৩), মৃত নজর আলী কাজীর ছেলে মো. লিটন (৩০), আঃ রাজ্জাক ফকিরের ছেলে মো. মহিউদ্দিন ফকির (২২), মৃত নুর হোসেন শেখের ছেলে মোঃ জাকির (৩০) কে আটক করা হয়।
পরে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই জুয়াড়িদের ১০ দিনের জেল দেন গোসাইরহাটের অতিরিক্ত দায়িত্বে থাকা ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির আহমেদ।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদি মাসুদ বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।