শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাটে ইজারা সংক্রান্ত বিরোধের জেরে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) ভোর থেকে বন্ধ হয়ে যাওয়া এই ফেরি চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা। ঘাটে অপেক্ষমাণ রয়েছে অন্তত দেড় শতাধিক যানবাহন।

নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ফেরিঘাটের ইজারা নিয়ে স্থানীয় দুই রাজনৈতিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এদিন ভোরে একটি পক্ষ জোরপূর্বক ঘাটের ইজারা তোলার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয় এবং পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ে। এর ফলেই ফেরি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

জানা গেছে, শরীয়তপুর-চাঁদপুর রুটের এই গুরুত্বপূর্ণ ফেরিঘাটটির বর্তমান ইজারাদার হলেন সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিসান বালা। অপরপক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মমিন দিদার। ইজারার নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরেই আজকের এ পরিস্থিতি তৈরি হয়েছে।

ইকবাল হোসেন আরও বলেন, “ইজারা নিয়ে বিরোধের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা বিষয়টি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি।”

স্থানীয়দের মতে, নরসিংহপুর ফেরিঘাট শরীয়তপুর-চাঁদপুর অঞ্চলের অন্যতম ব্যস্ত রুট হওয়ায় এ ধরণের পরিস্থিতি শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, জনদুর্ভোগও তৈরি করছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।