শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি এলাকায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে জমি দখলের অভিযোগে শরীয়তপুরের আদালতে একটি মামলা দায়ের হয়েছে । ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার জেলা সহকারী জজ আদালতে এ মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত শাহীন সরদার পরিকল্পিতভাবে ভুয়া এনআইডি তৈরি করে। পরে সেই এনআইডিকে ব্যবহার করে জমির দলিল ও খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করে জমিটি জোরপূর্বক দখল করে নেয়। সুমন সরদারের বাবা জহুরুল ইসলাম সরদারের মৃত্যুর পর শাহিন সরদার জাল এনআইডি ব্যবহার করে ভূমি অফিসে কাগজপত্র জমা দিয়ে মৃত ব্যক্তির সম্পত্তির একটি অংশ নিজের নামে আলাদা খতিয়ান খুলে ফেলেন এবং সেই সম্পত্তি বিক্রিও করেন।

মামলার বাদী সুমন সরদার জানান, তার বাবা মৃত জহুরুল ইসলাম সরদারের নাম ব্যবহার করে দত্তক নেওয়া শাহিন সরদার সূর্য ভুয়া এনআইডি তৈরি করে নিজেকে বৈধ উত্তরাধিকার দাবি করেন। তিনি বলেন আমি পরিবারের

একমাত্র পুত্র এবং আমার দুই বোন রয়েছে। শাহিন আমাদের পরিবারের কেউ নয়। আমি আদালতের কাছে ন্যায় বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত শাহিন সরদার সূর্য বলেন,”দত্তক এনেছে বলে কি হয়েছে? আমি যা করেছি সবই বৈধভাবে করেছি। এর বেশি কিছু বলতে চাই না ”

এ বিষয়ে ডি.এম.খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন হক আবু বেপারী বলেন, “শাহিন যে ওয়ারিশ সনদ দেখিয়েছে, সেখানে আমার স্বাক্ষর নকল করা হয়েছে। আমি এমন কোনো সনদ ইস্যু করিনি। ওই ছেলেটিকে জহুরুল সরদার দত্তক এনেছিলেন মাত্র তিন বছর বয়সে। কিন্তু দত্তক সন্তানকে পিতার বৈধ উত্তরাধিকার হিসেবে পরিচয়পত্রে অন্তর্ভুক্ত করা আইনসম্মত নয়।”

মামলাটি বর্তমানে বিচারাধীন। ভুক্তভোগীরা নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে এনআইডি বাতিলসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।