বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভেদরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইসলামী শিক্ষা দিবস পালিত হয়েছে।
১৯৬৯ সালের ১২ আগস্ট ইসলামী শিক্ষা ব্যবস্থার ওপর একটি সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ আব্দুল মালেক ইসলামী শিক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। তাঁর চমৎকার ও যুক্তিযুক্ত বক্তব্য সহ্য করতে না পেরে তৎকালীন বিরোধী সংগঠনের নেতারা তাঁকে রেসকোর্স ময়দানে নির্মমভাবে আঘাত করে রক্তাক্ত করেন। পরে ১৫ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই দিনটিকে স্মরণ করতে ইসলামী ছাত্রশিবির প্রতি বছর ইসলামী শিক্ষা দিবস পালন করে। তারই ধারাবাহিকতায় আজ, ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার, ভেদরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ইসলামী শিক্ষা দিবস ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শরীয়তপুর জেলা শাখার ভেদরগঞ্জ থানা শাখার আয়োজনে ভেদরগঞ্জের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে একটি বক্তব্য প্রতিযোগিতা’২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শরীয়তপুর জেলা শাখার সভাপতি সাখাওয়াত কাউসার এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা অর্থ সম্পাদক জহির রায়হান। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
বক্তব্য প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে প্রতিভা এসপি উচ্চ বিদ্যালয়, রামভদ্রপুর রেবতী মোহন উচ্চ বিদ্যালয় এবং ভেদরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের জন্য বর্তমান শিক্ষাব্যবস্থা ও ইসলামী শিক্ষাব্যবস্থা সংক্রান্ত মোট ৬টি বিষয় নির্ধারণ করা হয়েছিল। বিষয়গুলো ছিল:
১. আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার ত্রুটি ও তরুণদের ভাবনা।
২. ইসলামী শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া চাই।
৩. বর্তমান শিক্ষা ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজাতে আমাদের করণীয়।
৪. ভারতীয় উপমহাদেশে ইসলামী শিক্ষার বিস্তারে যাদের ভূমিকা অতুলনীয়।
৫. বর্তমান শিক্ষা ব্যবস্থার যে দিকগুলোর সংস্কার জাতির মুক্তি দিতে পারে।
৬. নতুন বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী শিক্ষা ব্যবস্থা কেমন হতে পারে।
প্রতিযোগিতায় মোট ১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে অংশগ্রহণ করে। প্রতিটি গ্রুপে ৩ জন করে সদস্য ছিলেন। তারা গ্রুপভিত্তিক কাজ করে অ্যাসাইনমেন্ট তৈরি করে বক্তব্য প্রস্তুত করে এবং তাদের মধ্যে থেকে একজন দলনেতা সেই বক্তব্য উপস্থাপন করে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও মূল্যবান বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়।



মন্তব্য করুন