ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশের তারিখ চূড়ান্ত হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) এই রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ইতোমধ্যে খসড়া অনুমোদন পেয়েছে কমিশনে, জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার কমিশন সভা শেষে কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, “কর্মপরিকল্পনার সব বিষয় চূড়ান্ত করা হয়েছে। শুধু আনুষ্ঠানিক প্রকাশের প্রস্তুতি চলছে।” এর আগে গত ৩০ জুলাই আসন পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে ইসি। যেখানে গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব আনা হয়। পরে ৮৩টি আসন ঘিরে ১ হাজার ৭৬০টি আপত্তি জমা পড়ে।
২৪ আগস্ট থেকে শুনানি শুরু হয়ে ২৭ আগস্ট পর্যন্ত তা শেষ হয়। এখন আপত্তি নিষ্পত্তি করে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত গেজেট প্রকাশ করবে ইসি। পর্যবেক্ষকদের মতে, এই রোডম্যাপ প্রকাশের মধ্য দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি আরেক ধাপ এগিয়ে যাবে।



মন্তব্য করুন