গোপালগঞ্জে চলন্ত বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খানকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয়ে একদল ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে সাব্বির খান জানান, গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে রওনা হন তিনি। যাত্রাপথে পাশের আসনের এক সহযাত্রীর সঙ্গে আলাপচারিতায় তিনি নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে পরিচয় দেন। এর পরপরই ওই সহযাত্রী বাসের পেছনের দিকে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন।
অভিযোগ অনুযায়ী, রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয়দানকারী কয়েকজন বাসে উঠে সাব্বিরের মুঠোফোন তল্লাশি করেন। ফোনে ছাত্রদলের পদ-পদবি ও দলীয় পোস্ট দেখে তাঁকে বাস থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়।
সাব্বির খান আরও অভিযোগ করেন, নির্জন স্থানে নিয়ে তাঁকে মারধর করা হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে দিয়ে বিএনপি ও ছাত্রদল সম্পর্কে আপত্তিকর বক্তব্য দিতে বাধ্য করা হয় এবং সেই ভিডিও ধারণ করে তাঁর নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়।
ভুক্তভোগীর ভাষ্যমতে, সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে তিনি অন্য একটি বাসে করে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছান। খবর পেয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা শহরের সিও অফিস চত্বর থেকে তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জেলা ছাত্রদল প্রস্তুত রয়েছে এবং কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজারো নেতা-কর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়া হবে।



মন্তব্য করুন