সৌদি আরবের আভা অঞ্চল থেকে মাছ নিয়ে জিজান যাওয়ার পথে পাহাড়ি সড়কে ফ্রিজার ভ্যান দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকার বাসিন্দা আশরাফ উদ্দিন রনি (২৬) এবং ফ্রিজার ভ্যানটির চালক নোয়াখালী জেলার কামরুল হাসান। দুর্ঘটনার সময় আশরাফ চালকের পাশের আসনে বসে ছিলেন।
নিহত আশরাফের চাচা ও খাগড়াছড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আশরাফ মাত্র দুই মাস আগে দেশ থেকে ছুটি কাটিয়ে সৌদি আরবে নিজের কর্মস্থলে ফিরে গিয়েছিলেন।
বর্তমানে নিহত আশরাফ উদ্দিন রনির মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ও চেষ্টা চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।



মন্তব্য করুন