ভোলার দৌলতখান উপজেলায় পানিতে ডুবে দুই খালাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। চরখলিফা ইউনিয়নের দিদারউল্লাহ গ্রামের ৬নং ওয়ার্ডের হজু পাটোয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ এমন মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। দুই মায়ের বুকফাটা চিৎকারে ভারী হয়ে উঠছে আশপাশের পরিবেশ। প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েন।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে তারা নিখোঁজ হওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে পুকুর থেকে উদ্ধার করা হয়।
মারা যাওয়া শিশু দুটি হলেন—দিদারউল্লাহ গ্রামের মো. শাকিলের মেয়ে ফাতেমা (৬) ও মো. হোসেনের মেয়ে জোবায়দা (৪)। তারা দু’জন আপন খালাতো বোন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে তারা বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। ধারণা করা হচ্ছে, সকলের অগোচরে একপর্যায়ে দুই খালাতো বোন বসতঘরের পাশে থাকা পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদেরকে অনেক খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও খুঁজে না পেয়ে গ্রামে মাইকে প্রচার শুরু করেন। দীর্ঘ ৬ থেকে ৭ ঘণ্টা পর অবশেষে রাত ১০টার দিকে জোবায়দাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর সাড়ে ১০টার দিকে অনেক খুঁজাখুঁজির পর ফাতেমাকেও পুকুরের গভীর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, এ ঘটনায় দৌলতখান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন